
আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে ১৫০টি পরিবারের মাঝে বিনামূল্যে ৩০০টি ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল বিতরণ করা হয়েছে। জানা গেছে,বুধবার (২২এপ্রিল) উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের আয়োজনে ও সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
এদিন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ ওয়াজেদ আলী মিয়ার সভাপতিত্বে আয়োজিত ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খাঁন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী।অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ভেটেরিনারি সার্জন ডাঃ সুমন মিয়া প্রমুখ। এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রকল্পের আওতায় উপজেলার বিভিন্ন এলাকায় বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১৫০টি পরিবারের মাঝে দুটি করে মোট ৩০০টি ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খাঁন বলেন,“সরকার গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে এবং অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারগুলোকে স্বাবলম্বী করার লক্ষ্যে এ ধরনের প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। স্থানীয়রা মনে করছেন, এ কর্মসূচি ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবারের আর্থিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে কার্যকর ভূমিকা রাখবে।
এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ ওয়াজেদ আলী মিয়া বলেন, উপজেলার দুটি পৌরসভা ও ৭টি ইউনিয়ন (ইউপি) এলাকা থেকে যাচাই-বাছাই করে ১৫০ জন উপকারভোগীর মধ্যে ২টি করে মোট তিনশ'টি ছাগল বিতরণ করা হয়েছে।