
হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ উঠেছে, লালন-পালন করা মেয়ের বিরুদ্ধে জমি আত্মসাৎ ও বৃদ্ধাকে হত্যার হুমকি দেওয়ার ঘটনা ফাঁস।
জানা যায়, টাঙ্গাইল জেলার নাগরপুর থানার বাসিন্দা মৃত মুনসুর আলীর স্ত্রী মোছাঃ নয়ন বানু (৭০) আশুলিয়ার জামগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে প্রায় দুই শতাংশ জমির ওপর নির্মিত বাড়িতে বসবাস করেন। তার নিজের কোনো সন্তান না থাকায় কয়েক বছর আগে আঁখি আক্তার (৩২) কে ছোটো বেলা থেকে লালন-পালন করেন।
আঁখি আক্তারের পূর্বের সংসারে ১২ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। প্রায় দুই-তিন বছর আগে হিন্দু পলাশ সরকার (৩৬) নামে এক ব্যক্তির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পরবর্তীতে বিয়ে করেন। বর্তমানে তাদের সংসারে একটি পুত্র সন্তান রয়েছে।
অভিযোগ রয়েছে,গত (৩১ মার্চ ২০২৬) রাত ৯টার দিকে নয়ন বানু আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন, যেখানে আঁখি আক্তার ও তার স্বামী পলাশ সরকারের বিরুদ্ধে জমি আত্মসাৎ ও হত্যার হুমকির কথা উল্লেখ করা হয়।
এ বিষয়ে আঁখি আক্তার দাবি করেন, তার খালা (নয়ন বানু) তাকে হেবা দলিলের মাধ্যমে জমি ও বাড়ি লিখে দিয়েছেন এবং তিনি তা তার স্বামীকে হস্তান্তর করেছেন।
অন্যদিকে, সেই জমি ও বাড়িটি পলাশ সরকারকে লিখে দেয়া নিয়ে জটিলতা তৈরি হয়েছে। নয়ন বানুর দাবী আঁখি মুসলিম ধর্ম ত্যাগ করেছে তাই তার জমি ফেরত চায় এবং নিরাপত্তা চায়। অভিযুক্ত পলাশ সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রুবেল হাওলাদার জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।