
দয়াল ডিসি রায় দিনাজপুর সংবাদদাতা।।
দেশব্যাপী নদী, নালা, খাল ও জলাধার রক্ষা এবং পানিপ্রবাহ স্বাভাবিক রাখতে বৃহৎ কর্মসূচি হাতে নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে আগামী সোমবার (১৬ মার্চ ২০২৬) দিনাজপুর জেলার কাহারোল উপজেলার সাহাপাড়া এলাকা থেকে ‘দেশব্যাপী নদী–নালা–খাল ও জলাধার খনন এবং পুনঃখনন’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই কর্মসূচির মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের নদী-নালা ও খালগুলো পুনরুদ্ধার করা হবে। দীর্ঘদিন ধরে ভরাট হয়ে যাওয়া খাল ও জলাধারগুলো খননের মাধ্যমে পানি ধারণক্ষমতা বৃদ্ধি করা হবে, যা কৃষি উৎপাদন বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
একই সঙ্গে এ কর্মসূচির মাধ্যমে দেশের মোট ৫৪টি জেলায় একযোগে খনন ও পুনঃখনন কার্যক্রম শুরু হবে। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তর ইতোমধ্যে উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতি সম্পন্ন করেছে।
স্থানীয় বাসিন্দারা আশা করছেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে এলাকার কৃষি ব্যবস্থা উন্নত হবে এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতার সমস্যাও অনেকাংশে কমে আসবে।
সরকারের এ উদ্যোগকে পরিবেশ রক্ষা ও টেকসই উন্নয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।