
পোরশা প্রতিনিধিঃ মোঃ তোফাজ্জল হোসেন
নওগাঁ, ৭ মার্চ ২০২৬: নওগাঁ জেলার পোরশা থানাধীন তেঁতুলিয়া ইউনিয়নের মশানতলা মোড় এলাকায় গত ১৭ জানুয়ারি ২০২৬ রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে একটি মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় তথ্যপ্রযুক্তি ও গোপন সূত্রের ভিত্তিতে পোরশা থানা পুলিশের একটি চৌকস টিম অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেনঃ
মো. দুরুল হোদা (৫৫), পিতা- মৃত তৈমুর আলী, সাং- জশৈল, থানা- গোমস্তাপুর, জেলা- চাঁপাইনবাবগঞ্জ।
মো. আনেসুর রহমান (৩৪), পিতা- আইনাল আলী, সাং- সাগরইল, থানা- গোমস্তাপুর, জেলা- চাঁপাইনবাবগঞ্জ।
মো. টুটুল (৩৭), পিতা- আশরাফ, সাং- সাগরইল, থানা- গোমস্তাপুর, জেলা- চাঁপাইনবাবগঞ্জ।
পুলিশ জানায়, প্রথমে গত ৫ জানুয়ারি ২০২৬ বিকেল আনুমানিক সাড়ে ৫ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার জশৈল গ্রাম থেকে দুরুল হোদাকে গ্রেফতার করা হয়। তার নিজ বাড়ি থেকে ডাকাতিতে লুণ্ঠিত একটি স্মার্টফোন, ৪,৫০০ টাকা নগদ, ডাকাতির কাজে ব্যবহৃত একটি দা এবং একটি হাতুড়ি উদ্ধার করা হয়।
রিমান্ডে জিজ্ঞাসাবাদে দুরুল হোদা তার সহযোগীদের নাম-ঠিকানা প্রকাশ করলে, নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের বিশেষ দিক নির্দেশনায় এবং পোরশা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি টিম চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালায়।
গোমস্তাপুর থানা পুলিশের সহযোগিতায় রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে সাগরইল এলাকা থেকে আনেসুর রহমান ও টুটুলকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ডাকাতির ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম সড়কপথে সংঘটিত যেকোনো অপরাধ দমনে পোরশাসহ সকল থানাকে বিশেষ নির্দেশনা দিয়েছেন। তিনি জানান, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।
এ ঘটনায় পোরশা থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।